ভালো কাজ করলেই কি তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য?

মানুষের দৃষ্টিতে ভালো কাজের একটি বাহ্যিক মূল্যায়ন থাকে। যা সাধারণত সহানুভূতি, মানবতা বা সামাজিক নৈতিকতার মানদণ্ডে পরিমাপ করা হয়। সমাজে কেউ যদি দান করে, বিপদে সাহায্য করে বা মানুষকে উপকার করে, তাকে নিঃসন্দেহে ‘ভালো মানুষ’ বলা হয়। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহর কাছে ভালো কাজের মানদণ্ড কি একই?

ইসলামের দৃষ্টিতে, শুধু কাজটি বাহ্যিকভাবে ভালো হলেই তা গ্রহণযোগ্য হয় না। বরং আল্লাহর দৃষ্টিতে কোনো কাজ কবুল হওয়ার জন্য চাই সঠিক বিশ্বাস (ঈমান), আল্লাহর সন্তুষ্টির জন্য নির্ভেজাল নিয়ত এবং শরিয়তের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী তা সম্পাদন। কাজের বাহ্যিক রূপ নয়, বরং কাজের ভেতরের সত্যতা, উদ্দেশ্য ও আল্লাহর প্রতি আনুগত্যই হলো মূল বিবেচ্য বিষয়।

    পোস্ট সূচিপত্র

    ভালো কাজ করলেই কি তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য
    ১. বিশুদ্ধ ঈমান (সঠিক আকীদাহ)
    ২. সঠিক নিয়ত (নিয়ত শুধুমাত্র আল্লাহর জন্য)
    ৩. শরিয়তের বিধান অনুযায়ী হওয়া
    ইসলাম পূর্ব যুগের ভালো মানুষদের আমল কী হবে?
    দুনিয়াতে প্রতিফল পেলেও আখিরাতে নয়
    উপসংহার

ভালো কাজ করলেই কি তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য

মানুষের জীবনের প্রকৃত সফলতা নির্ভর করে তার কর্ম এবং বিশ্বাসের ওপর। যদিও নেক আমল বা ভালো কাজ দুনিয়া ও পরকালে কল্যাণের পথপ্রদর্শক, তবুও কুরআন ও সুন্নাহর আলোকে স্পষ্টভাবে বোঝা যায়। সত্যিকার অর্থে ভালো কাজ তখনই আল্লাহর দরবারে কবুল হয়, যখন তা ঈমানের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়। শুধুমাত্র বাহ্যিকভাবে ভালো বা উপকারী কাজ করলেই তা আখিরাতে মুক্তির কারণ হয়ে দাঁড়ায় না। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, ঈমান ছাড়া আমল কোনো মূল্য বহন করে না।

সুরা আসর এ আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তবে ব্যতিক্রম তারা, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে।” এই আয়াতেই পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ক্ষতি থেকে মুক্তি ও সফলতা অর্জনের জন্য ঈমান ও আমল উভয়টিই অপরিহার্য। অনেকে প্রশ্ন করে থাকেন, যারা ধর্মে বিশ্বাসী নয় অথচ মানবকল্যাণে অনেক কিছু আবিষ্কার করেছে। যেমন বৈজ্ঞানিক যন্ত্রপাতি যা মসজিদেও ব্যবহৃত হয়, তারা কি এইসব কাজে সওয়াব পাবে না?

কুরআনের জবাব খুব পরিষ্কার উত্তর হচ্ছে না, যদি ঈমান না থাকে। সুরা আন-নহলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, “যে কেউ ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, আমি তাকে দিবো উত্তম জীবন এবং প্রতিদানও দিবো তার উত্তম কাজ অনুযায়ী।” এখানে প্রতিদানের জন্য ঈমানকে অপরিহার্য শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। আসলে, আমলে সালেহ বা গ্রহণযোগ্য নেক আমল হওয়ার জন্য কিছু মৌলিক শর্ত রয়েছে। সেগুলো হলোঃ

  1. সঠিক জ্ঞান ও ইলম

  2. পরিশুদ্ধ নিয়ত

  3. সবর ও ধৈর্য

  4. আন্তরিকতা ও একনিষ্ঠতা

হাদিসেও আমলে সালেহ হিসেবে নির্দিষ্ট কিছু মৌলিক ইবাদতের কথা বলা হয়েছে। যেমনঃ আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা, নামাজ কায়েম করা, জাকাত আদায় এবং রমজানের রোজা রাখা। অতএব, যে কোনো ভালো কাজকে সত্যিকারের “আমলে সালেহ” বানাতে হলে প্রথমে চাই ঈমান, এরপর সেই ঈমান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী কাজ করা। কাজ যত ভালো হোক না কেন, যদি তা ঈমানহীনভাবে সম্পাদিত হয়, তাহলে তা আখিরাতে কোনো ওজন রাখে না।

আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা, তিনি যেন আমাদের অন্তরকে পরিপূর্ণ ঈমানের আলোয় উদ্ভাসিত করেন এবং সেই ঈমানের ভিত্তিতে আমাদের দ্বারা নেক আমল করিয়ে দুনিয়া ও আখিরাতে সফলতার পথ দেখান।

১. বিশুদ্ধ ঈমান (সঠিক আকীদাহ)

আল্লাহর কাছে কোনো আমল কবুল হওয়ার মূল ভিত্তি হলো বিশুদ্ধ ও অকৃত্রিম ঈমান। এটি এমন এক শর্ত, যার অনুপস্থিতিতে কোনো নেক কাজই আখিরাতে মূল্য পায় না, যত বড় বা উপকারীই হোক না কেন। একজন ব্যক্তি যদি আল্লাহকে একমাত্র উপাস্য, মুহাম্মাদ (সা.)-কে তাঁর শেষ রাসুল এবং ইসলামকে একমাত্র সত্য জীবনব্যবস্থা হিসেবে বিশ্বাস না করে, তবে তার সব ভালো কাজ কেবল দুনিয়াতেই সীমাবদ্ধ থাকবে। আখিরাতে সেই কাজের কোনো প্রতিদান নেই।

কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেনঃ “যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন গ্রহণ করে, তা কখনো গ্রহণযোগ্য হবে না; আর সে হবে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।”
(সুরা আলে ইমরান: ৮৫)

এই আয়াত স্পষ্ট করে দেয়, ঈমানহীন ভালো কাজ আখিরাতে ফাঁকা খামে বন্দি চিঠির মতো যার ভেতরে কিছু নেই। তাই দুনিয়া ও পরকালের সফলতার প্রথম ধাপই হলো, সঠিক ঈমানের ওপর নিজেকে প্রতিষ্ঠিত করা। অতএব, আল্লাহর কাছে ভালো কাজের মানদণ্ড নিছক মানবিকতার মাপকাঠিতে সীমাবদ্ধ নয়। বরং তা গভীরভাবে আখিরাতমুখী ও তাওহিদভিত্তিক।

২. সঠিক নিয়ত (নিয়ত শুধুমাত্র আল্লাহর জন্য)

ভালো কাজকে আল্লাহর কাছে কবুলযোগ্য করার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো পরিশুদ্ধ নিয়ত। অর্থাৎ, কাজটি শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, এতে কোনো লোক দেখানো বা দুনিয়াবি স্বার্থের উদ্দেশ্য জড়িত থাকা চলবে না। মানুষ দেখুক বা না দেখুক, প্রশংসা করুক বা নিন্দা মুমিনের কাজের উদ্দেশ্য হবে শুধুই রবের সন্তুষ্টি। যদি কোনো ভালো কাজ সম্মান অর্জন, প্রশংসা পাওয়া কিংবা দুনিয়াবি লাভের জন্য করা হয়। তাহলে সেই কাজ বাহ্যিকভাবে যত সুন্দর হোক না কেন, আখিরাতে তার কোনো ওজন থাকবে না।

এ প্রসঙ্গে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্টভাবে বলেনঃ “নিশ্চয়ই সকল কাজই নিয়তের ওপর নির্ভর করে।” (সহীহ বুখারি ও মুসলিম) এই হাদিস আমাদের শেখায় কাজের বাহ্যিক রূপ নয়, বরং অন্তরের উদ্দেশ্যই আল্লাহর কাছে প্রকৃত মূল্য রাখে।

৩. শরিয়তের বিধান অনুযায়ী হওয়া

যেকোনো ভালো কাজ ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য হওয়ার জন্য শুধু নিয়ত বিশুদ্ধ হলেই যথেষ্ট নয়, বরং সেই কাজটি অবশ্যই ইসলামসম্মত পদ্ধতিতে সম্পাদিত হতে হবে। যদি কোনো ভালো কাজ শিরক, বিদআত, কুসংস্কার বা শরিয়তের বিরোধী কোনো পন্থার মাধ্যমে করা হয়। তাহলে তা বাহ্যিকভাবে যত উপকারীই হোক না কেন, আল্লাহর দরবারে তা কোনো মূল্য পাবে না। ইসলামে ইবাদত বা নেক আমলের গ্রহণযোগ্যতার অন্যতম শর্ত হলো তা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে।

কারণ তিনি যে পথ দেখিয়ে গেছেন, সেটিই একমাত্র গ্রহণযোগ্য পথ। অতএব, ভালো কাজ করতে হলে শুধু উদ্দেশ্য ভালো হলেই চলবে না, বরং সেই কাজের ধরন ও পদ্ধতিও আল্লাহ ও তাঁর রাসুলের নির্ধারিত সীমারেখার মধ্যে থাকতে হবে।

ইসলাম পূর্ব যুগের ভালো মানুষদের আমল কী হবে?

অনেকের মনে এই প্রশ্ন জাগে মইসলামের আগের যুগে যারা মানবিক গুণাবলি সম্পন্ন ছিলেন, দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন, ন্যায়ের পক্ষে কথা বলতেন তারা কি আল্লাহর নিকট প্রতিদান পাবেন না? ইসলামী আকীদার আলোকে এ প্রশ্নের উত্তর সুস্পষ্ট। যদি কেউ সত্য ধর্ম ইসলাম গ্রহণ করে মৃত্যুর পূর্বে ঈমানের সঙ্গে জীবন শেষ করেন, তবে তাঁর পূর্ববর্তী সৎকর্মগুলো আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়ার আশা করা যায়। কিন্তু যারা ইসলাম গ্রহণ না করেই মৃত্যুবরণ করেছেন, তাদের সব ভালো কাজ দুনিয়ার বুকে সীমাবদ্ধ থেকে যাবে। আখিরাতে সেসব আমলের কোনো মূল্য বা প্রতিদান থাকবে না।

কুরআনে আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেনঃ “যারা কুফর করেছে, তাদের কর্মসমূহ মরুভূমির মরীচিকার মতো; তৃষ্ণার্ত ব্যক্তি তা পানি ভেবে ধাবিত হয়, কিন্তু সেখানে কিছুই পায় না।” (সুরা নূর : ৩৯) এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, আখিরাতের প্রকৃত সফলতার জন্য শুধুমাত্র ভালো কাজ নয়, বরং সেসব কাজের ভিত্তি হতে হবে ঈমানের ওপর যা আল্লাহর সন্তুষ্টির সঙ্গে সম্পৃক্ত।

দুনিয়াতে প্রতিফল পেলেও আখিরাতে নয়

যদিও কেউ আল্লাহর ওপর বিশ্বাস না রাখে, তবুও যদি সে কোনো ভালো বা উপকারমূলক কাজ করে। আল্লাহ তাআলা তাঁর সুবিচার ও করুণা অনুযায়ী দুনিয়াতেই তাকে সে কাজের কিছু প্রতিদান দিয়ে দেন হতে পারে তা সম্মান, মর্যাদা, শান্তি কিংবা আর্থিক সফলতা। কিন্তু এই দুনিয়াবি প্রতিদানই তার চূড়ান্ত অর্জন, আখিরাতের জন্য তার কোনো সঞ্চয় থাকে না। কেননা, ঈমান ছাড়া কোনো আমল আখিরাতে গৃহীত হয় না।

সহীহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেনঃ “আল্লাহ কাফেরদের ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেন। কিন্তু আখিরাতে তাদের জন্য কিছুই থাকবে না” এই হাদিস আমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়। দুনিয়াবি সফলতা কখনোই আখিরাতের মুক্তির নিশ্চয়তা নয়। যদি না তার পেছনে থাকে খাঁটি ঈমান ও আল্লাহর সন্তুষ্টির নিয়ত।

উপসংহার

মানুষ যত ভালো কাজই করুক না কেন, তা তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, যখন সেই কাজের ভিত মজবুত থাকে তিনটি মূল শর্তের ওপর বিশুদ্ধ ঈমান, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য, এবং শরিয়তের নির্ধারিত বিধান অনুযায়ী সম্পাদন। ঈমান ছাড়া আমলের ভিত্তি নেই, খাঁটি নিয়ত ছাড়া উদ্দেশ্য নেই, আর শরিয়তের দিকনির্দেশনা ছাড়া পন্থার কোনো মূল্য নেই। তাই কোনো কাজ বাহ্যিকভাবে যত উপকারী বা চিত্তাকর্ষক হোক না কেন, যদি তা এই তিনটি মূল শর্ত পূরণ না করে।

তবে তা আখিরাতের ওজনদার পাল্লায় স্থান পাবে না। আর যে কাজ ঈমান, নিয়ত ও শরিয়তসম্মতভাবে সম্পাদিত হয়, সেটিই হয় জীবনের প্রকৃত সফলতার চাবিকাঠি। যা মানুষকে দুনিয়ায় প্রশান্তি দেয়, আর আখিরাতে জান্নাতের পথ করে সহজ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন