যে আমলে রয়েছে জান্নাতের অঙ্গীকার

যে আমলে রয়েছে জান্নাতের অঙ্গীকার সম্পর্কে জানতে চান? যে আমলে রয়েছে জান্নাতের অঙ্গীকার তার মধ্যে ধৈর্য ও কৃতজ্ঞতা মানব চরিত্রের এমন দুইটি অলংকার, যা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে তোলে এবং জান্নাতের পথ প্রশস্ত করে দেয়। এই গুণগুলো শুধু নৈতিক উৎকর্ষের চিহ্ন নয়, বরং ঈমানদারের অন্তরের গভীরতা ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থার প্রকাশ।
কুরআন ও হাদীসের বাণীতে স্পষ্টভাবে উঠে এসেছে, ধৈর্যশীল ও কৃতজ্ঞ বান্দার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। এই গুণাবলিকে জীবনের অংশ করে নেওয়াই এমন এক আমল, যা একজন সাধারণ মানুষকেও আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে নিয়ে যেতে পারে। আজকের আর্টিকেল এ জানবো যে আমলে রয়েছে জান্নাতের অঙ্গীকার সম্পর্কে।

ধৈর্য ও কৃতজ্ঞতাঃ জান্নাতের দ্বার উন্মোচনকারী দুই মহৎ গুণ

ধৈর্য ও কৃতজ্ঞতা এই দুই গুণ এমন দুটি ভিত্তি, যার উপর একজন মানুষের চরিত্র দাঁড়িয়ে থাকে সুদৃঢ়ভাবে। এই গুণাবলি শুধু নৈতিক উৎকর্ষের নিদর্শন নয়, বরং আল্লাহর বিশেষ রহমত ও জান্নাতের সুসংবাদ লাভের অন্যতম চাবিকাঠি। কুরআন ও হাদীসে বারবার এই দুই গুণের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এই মহান গুণদ্বয়ের বাস্তব উদাহরণ পাওয়া যায় এক প্রখ্যাত তাবেয়ী, হজরত ইমরান বিন হাত্বান (রহ.) এবং তাঁর স্ত্রী’র জীবনে। ইমরান (রহ.) দেখতে ছিলেন অতি সাধারণ, উচ্চতায় খাটো, চেহারায় আকর্ষণ ছিল না বললেই চলে। কিন্তু তাঁর স্ত্রী ছিলেন অপরূপ রূপের অধিকারী, গুণেও সমৃদ্ধ।

একদিন তিনি ঘরে ফিরে দেখলেন, তাঁর স্ত্রী নতুন পোশাকে সজ্জিত হয়ে আছেন, সৌন্দর্যে যেন দীপ্তিময় হয়ে উঠেছেন। ইমরান (রহ.) বিস্ময়ভরা চোখে তাকালে স্ত্রী হাসিমুখে বললেনঃ

"আল্লাহ চাইলে আমরা দুজনেই জান্নাতের অধিকারী হবো।"

তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, "তা কেমন করে?"
স্ত্রী জবাব দিলেনঃ

"আমি তোমার মতো একজন সাধারণ চেহারার মানুষকে স্বামী হিসেবে পেয়েও ধৈর্য ধরেছি, আর তুমি আমাকে পেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আর ধৈর্যশীল ও কৃতজ্ঞদের জন্য আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন।"

এই ছোট্ট সংলাপেই ফুটে উঠেছে ভালোবাসা, ত্যাগ, ধৈর্য ও কৃতজ্ঞতার নিখুঁত ভারসাম্য। তাঁদের দাম্পত্য জীবনের এই গল্প আমাদের শিক্ষা দেয়। সত্যিকার সম্পর্ক গড়ে ওঠে চেহারা বা বাহ্যিক সৌন্দর্যের উপর নয়, বরং গড়ে ওঠে অন্তরের গুণাবলির উপর, যার ফলাফল হতে পারে জান্নাতের পথের দিশা।

আল্লাহর ওয়াদাঃ কৃতজ্ঞতাই বাড়িয়ে দেয় নেয়ামত

কুরআনুল কারিমে আল্লাহ তাআলা আমাদের জীবনের এক চিরন্তন সত্য স্মরণ করিয়ে দিয়েছেন। কৃতজ্ঞতা শুধু একটি গুণ নয়, এটি নেয়ামত বৃদ্ধির চাবিকাঠি। ইবরাহিম (আ.) এর নামে নামকরণ করা সুরার সপ্তম আয়াতে আল্লাহ বলেন, "যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে আমি তোমাদের নেয়ামত আরও বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, তবে আমার শাস্তি হবে ভয়ানক।" এই আয়াত স্পষ্টভাবে জানিয়ে দেয়, আল্লাহর দেওয়া অনুগ্রহ অব্যাহত রাখতে হলে কৃতজ্ঞ হৃদয়ের অধিকারী হতে হবে।

এই গুণের এক অনন্য দৃষ্টান্ত হলেন হজরত সুলাইমান (আ.)। তিনি নিজের জীবনে পাওয়া অফুরন্ত নেয়ামতের জন্য শুধু আনন্দিতই হননি, বরং আল্লাহর কাছে প্রার্থনা করেছেন কৃতজ্ঞ থাকার তাওফিকের জন্য। তিনি দোয়া করতেনঃ "হে প্রভু! আমাকে সামর্থ্য দাও যেন আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা জানাতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতা-মাতাকে দান করেছ। আমাকে এমন নেক কাজ করার তাওফিক দাও, যা তুমি পছন্দ করো এবং আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো।" (সুরা নামল, আয়াত ১৯)

এ দোয়া শুধু তার সময়ের জন্য নয়, আমাদের প্রত্যেকের জীবনের জন্যও এক অনন্ত শিক্ষার বার্তা বহন করে।

ধৈর্যের মূল্যঃ চূড়ান্ত সফলতা

একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো জীবনের প্রতিটি সংকটময় সময়ে অবিচল থাকা এবং ধৈর্যের দীপ্ত আলোকে নিজের পথ আলোকিত করা। আল্লাহ তাআলা সময়কে সাক্ষী রেখে মানব জীবনের বাস্তবতা তুলে ধরেছেন সুরা আসরে। সেখানে স্পষ্ট বলা হয়েছে সাধারণ মানুষ আসলে ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে তারা ব্যতিক্রম, যারা ঈমান এনে নেক আমল করে এবং সত্য ও ধৈর্যের বার্তা অন্যের মাঝে ছড়িয়ে দেয়। এই আয়াত থেকে প্রতীয়মান হয়, ধৈর্য শুধু মানসিক শক্তি নয়। বরং এটি এমন এক গুণ, যা মানুষকে চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যায়, জান্নাতের পথ সুগম করে দেয়।

উপসংহার

তাবেয়ী হজরত ইমরান বিন হাত্বান (রহ.) ও তাঁর স্ত্রী’র জীবনের এই ঘটনাটি আমাদের সামনে একটি গভীর বার্তা এনে দেয় জীবনের ওঠানামা সৌন্দর্য বা সীমাবদ্ধতা, যা-ই হোক না কেন, ধৈর্য ও কৃতজ্ঞতা হলো প্রকৃত মুমিনের পরিচয়। এই দুই গুণ যার জীবনে থাকে। সে কখনোই হতাশ হয় না, বরং পরিণামে পায় আল্লাহর নৈকট্য ও জান্নাতের সুসংবাদ। আল্লাহ আমাদেরকে ধৈর্যের শক্তি ও কৃতজ্ঞ চিত্তের মালিক বানান এবং আমাদের জীবনকে জান্নাতের পথযাত্রায় গ্রহণযোগ্য করে তুলুন।

আল্লাহুম্মা আমিন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন